মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী ২৬ মার্চের মধ্যে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।সোমবার সকালে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, ‘রোববার পর্যন্ত আমরা ১ হাজার ২২২ জন বুদ্ধিজীবীর একটি তালিকা প্রকাশ করেছি। আমরা আরও খতিয়ে দেখছি। আমরা আশা করছি যারা বাদ পড়েছেন তাদের নিয়ে আগামী ২৬ মার্চের মধ্যে বুদ্ধিজীবীদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারবো।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর, রাজাকার, আলবদর, আলশামসরা যখন নিশ্চিত হয়েছিল পরাজয়ের, যখন তাদের কাছে বিকল্প কোনো পথ ছিল না, তখন তারা জাতিকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে তালিকা করে বুদ্ধিজীবীদের ধরে এনে নির্মমভাবে হত্যা করে।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আজকে মৌলবাদী গোষ্ঠী পবিত্র ইসলাম ধর্মকে কলঙ্কিত করে ধর্মের নামে মিথ্যাচার করছে। আজকে স্বাধীনতার ৫০ বছরের প্রাক্কালে মৌলবাদী গোষ্ঠীর আস্ফালন আমাদের জন্য নিঃসন্দেহে অশনি সংকেত। তাদের শেকড় অনেক গভীরে, তাদের সহজে উপড়ে ফেলা যাবে না। তবে শেখ হাসিনার নেতৃত্বে এ মৌলবাদী শক্তিকে উপড়ে ফেলতে জাতী আজ ঐক্যবদ্ধ।’